Search This Blog

Tuesday, May 12, 2015

পাঠ প্রতিক্রিয়াঃ নির্ঝর দেবনাথ (জয়) এর ছোট গল্প "ছাড়পত্র"

"ছাড়পত্র"
ধরণঃ ছোট গল্প
লেখকঃ নির্ঝর দেবনাথ (জয়)
প্রকাশঃ দৈনিক ভোরের কাগজ, ০৩ এপ্রিল, ২০১৫ ইং 


গল্পের লেখকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে । তবে এই পরিচয়ের সূত্র ধরে যে আজ উনার গল্প নিয়ে লিখছি তা না । আমি নিজেও গল্পটি প্রকাশ পাওয়ার বেশ কিছু দিন পরেই পড়ি । তবে পড়ামাত্রই আমার মনে হয়েছে যে উনার গল্পটি নিয়ে কিছু লেখা যায় ।
আমরা যদি জন্মগ্রহণ করি তবে মৃত্যু আমাদের অবধারিত । জন্মের ক্ষেত্রে আমাদের কোন নিয়ন্ত্রণ নেই । কার ঘরে, কার সন্তান হয়ে জন্ম নিব তা আমরা জানি না । আমরা জানি না যে আমরা হিন্দু বা মুসলিম কোন ধর্মের ঘরে জন্ম নিব । তবে মৃত্যুর বিষয়টি কিছুটা হলেও আলাদা । আমরা পৃথিবীতে আসতে চাই কি চাই না সে ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসা করা হয় না । এক প্রকার চাপিয়েই দেওয়া হয় জন্মের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের উপর । লেখক তার "ছাড়পত্র" নামক গল্পটিতে এই ধরণের খুব কঠিন এবং উত্তর না জানা একটি প্রশ্ন তুলে ধরেছেন । আপাতদৃষ্টিতে এই গল্পটি একটি আধুনিক ছোট গল্প হিসেবেই আমার কাছে মনে হয়েছে যার উপজীব্য বিষয় বর্তমান সমাজের এক সাধারণ নাগরিকের জীবন এবং তার চিন্তাধারা । নারীবাদ বিষয়টিও লক্ষ্য করলাম গল্পটির মাঝে । এর সাথে উঠে এসেছে পুঁজিবাদী বিশ্বে আমাদের অবস্থান এবং আমাদের শিক্ষা ব্যবস্থা । উঠে এসেছে ২০১৫ সালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় এবং আতংকের নাম "পেট্রোল বোমা" এবং তার পরিণতি । সমাজের এবং ছাত্র সমাজের নৈতিক অবক্ষয় যা কলুষিত করছে আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মর্যাদা । তারও একটি সংক্ষিপ্ত চিত্র লেখক তুলে ধরেছেন এখানে । মানুষের জীবনের সাধারণ চাওয়া এবং না পাওয়ার খেলা এবং তা নিয়েই ধৈর্য ধরে বেঁচে থাকা এবং সময়ের বিবর্তনে এক সময় সব কিছুরই মূল্যহীন হয়ে পড়া । তবে এই মূল্যহীন জীবনকেও কিভাবে কিছুটা মূল্যবান বানানো যায়, কিভাবে শুধুমাত্র প্রাণী হয়ে বেঁচে না থেকে কিছুটা মানুষ হওয়া যায় তার ইঙ্গিতও খুঁজে পেলাম এখানে । পুরো গল্প পড়ে মনে হয়েছে যে এখানে অস্তিত্ববাদেরও কিছুটা অস্তিত্ব আছে ।
গল্পটির নাম নিয়ে আমার একটু দ্বিধা ছিল তবে গল্প শেষ করার পর তা কেটে যায় । গল্পের নামকরণের সার্থকতা জানার জন্য আমাকে পুরো গল্পটা শেষ করতে হয়েছে ।
আমাদের চারপাশের পৃথিবী কখনো বদলায় না । বদলায় আমরা । আমাদের যখন মন খারাপ থাকে তখন মনে হয় আমাদের চারপাশ, আমাদের চারপাশের প্রকৃতিও আমাদের সাথে মন খারাপ করে রয়েছে । আবার যখন আমাদের মন ভালো থাকে তখন সেই প্রকৃতি এবং পরিবেশের রঙ আমাদের কাছে রঙিন মনে হয়, বড় বেশি রূপবতী মনে হয় । এই সাধারণ বাস্তবতাটা গল্পের দুটি অংশ পড়ে আমি অনুভব করেছি ।
এটি লেখকের প্রকাশিত প্রথম গল্প । উনার লেখা যথেষ্ট ভালো লেগেছে । খুব কম কথায় উনি অনেক কিছু আঁকার চেষ্টা করেছেন । উনার প্রতি আমার শুভকামনা এবং ভবিষ্যতে আরও নতুন লেখা আমাদের উপহার দেবার আশা রইল ।
যারা গল্পটি পড়তে চান তাদের জন্য আমি লিংকটি দিয়ে দিচ্ছি । পত্রিকার ১০ম পৃষ্ঠায় গল্পটি আপনারা খুঁজে পাবেন ।

Link: http://www.bhorerkagoj.net/epaper/2015/04/03/

No comments:

Post a Comment